বিমানবন্দরে বন্দুকধারীদের হামলা, নিহত ৩৫

প্রকাশিত: জুন ১৯, ২০২৬; সময়: ১১:৩৪ am | 
খবর > আন্তর্জাতিক

পদ্মাটাইমস ডেস্ক : নাইজারের রাজধানী নিয়ামেতে অবস্থিত দিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দুকধারীদের হামলা এবং পরবর্তী গোলাগুলিতে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২২ জন হামলাকারী, ১১ জন সেনাসদস্য এবং দুইজন বেসামরিক নাগরিক রয়েছেন।

বৃহস্পতিবার ভোরে দেশটির বৃহত্তম এই বিমানবন্দর ও সংলগ্ন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। বিমানবন্দরটি বেসামরিক বিমান চলাচলের পাশাপাশি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা হিসেবেও ব্যবহৃত হয়।

বিবিসির বরাত দিয়ে জানা যায়, পাঁচ মাসেরও কম সময়ের মধ্যে এটি দ্বিতীয়বারের মতো বড় ধরনের হামলার শিকার হলো। এর আগে চলতি বছরের জানুয়ারিতে একই বিমানবন্দরে একটি বড় হামলা হয়েছিল।

আল-কায়েদার আঞ্চলিক শাখা ‘জামাত নুসরত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন’ (জেএনআইএম) হামলার দায় স্বীকার করেছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। তবে নাইজার সরকার এখনো আনুষ্ঠানিকভাবে এ দাবির সত্যতা নিশ্চিত করেনি।

নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলা প্রতিহত করার পর পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। অভিযানে আরও চার হামলাকারী আহত হয়েছেন এবং সন্দেহভাজন ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, ফজরের নামাজের পরপরই বিমানবন্দর এলাকায় শক্তিশালী বিস্ফোরণ ও ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যায়। পরে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও হামলাকারীদের শনাক্ত ও ধরতে অভিযানে অংশ নেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী হামলার আশঙ্কায় বিমানবন্দরসংলগ্ন কয়েকটি আবাসিক এলাকা উচ্ছেদ করা হয়েছিল। এছাড়া নিরাপত্তা জোরদারে সীমানা প্রাচীর সম্প্রসারণ এবং শতাধিক সিসি ক্যামেরা স্থাপন করা হলেও এ হামলা ঠেকানো সম্ভব হয়নি।

দিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দর নাইজারের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত স্থাপনা। এটি একই সঙ্গে দেশটির বিমান বাহিনীর ঘাঁটি এবং নাইজার, মালি ও বুরকিনা ফাসোর সামরিক জোটের কার্যক্রম পরিচালনার কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়।

হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আফ্রিকান ইউনিয়ন। সংস্থাটির কমিশনের চেয়ারম্যান মাহমুদ আলী ইউসুফ এ হামলার তীব্র নিন্দা জানিয়ে বিমানবন্দর রক্ষায় নাইজারের নিরাপত্তা বাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন