খেয়াঘাটের ইজারা বাতিলের দাবিতে রাজশাহীতে চরবাসীর বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার চর মাজারদিয়াড় (আমিরপুর) খেয়াঘাটের ইজারা স্থায়ীভাবে বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ১০টায় নগরীর শ্রীরামপুর টি-বাঁধ এলাকায় পদ্মা নদীর তীরে চর মাজারদিয়াড় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চর মাজারদিয়াড়ে উৎপাদিত কৃষিপণ্য নদী পার করে রাজশাহী শহরে এনে বিক্রি করতে হয়। তবে খেয়াঘাটে ইজারার নির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ করা হয় না। বরং ইজারাদাররা সরকার নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত ও অযৌক্তিক টোল আদায় করেন। এর প্রতিবাদ করলে সাধারণ মানুষকে নানা ধরনের হয়রানি ও লাঞ্ছনার শিকার হতে হয় বলেও অভিযোগ করেন তারা।
বক্তারা আরও বলেন, পদ্মা নদীর ভাঙনে প্রতিবছর এলাকার বিপুল পরিমাণ আবাদযোগ্য জমি নদীগর্ভে বিলীন হচ্ছে। ফলে কৃষিনির্ভর মানুষের জীবন-জীবিকা ক্রমেই কঠিন হয়ে উঠছে। কৃষিপণ্য পরিবহন ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী আনা-নেওয়া ছাড়া এই ঘাটে উল্লেখযোগ্য কোনো বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হয় না।
মানববন্ধনে জানানো হয়, পবা উপজেলার ৪ নম্বর হরিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চর মাজারদিয়াড় এলাকায় প্রায় ১০ থেকে ১২ হাজার মানুষের বসবাস। এর মধ্যে প্রায় ৯৮ শতাংশই কৃষিকাজের সঙ্গে জড়িত। এলাকায় কোনো গরুর করিডোর বা সীমান্ত পারাপারের পথ নেই। তাই খেটে খাওয়া মানুষের স্বার্থ বিবেচনায় মাজারদিয়াড় (আমিরপুর) খেয়াঘাটের ইজারা স্থায়ীভাবে বাতিলের দাবি জানান তারা।
মানববন্ধন শেষে এলাকাবাসী বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের কাছে একটি স্মারকলিপি জমা দেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন চর মাজারদিয়াড় ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ুন কবির, জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট সেলিম রেজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ।




