বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ

প্রকাশিত: জুন ৪, ২০২৬; সময়: ৭:০১ pm | 
খবর > রাজনীতি

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্য দফায় দফায় বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী। বৃহস্পতিবার বিকেলে নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কঠোর সমালোচনা করে বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ যখন চরম দুর্ভোগে রয়েছে, তখন বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়িয়ে জনগণের ওপর নতুন করে অর্থনৈতিক চাপ সৃষ্টি করা হয়েছে। তারা এ সিদ্ধান্তকে জনস্বার্থবিরোধী আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবি জানান।

বক্তারা আরও বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে প্রশাসক নিয়োগের মাধ্যমে সরকার দলীয়করণের পথ অনুসরণ করছে। জেলা পরিষদ ও সিটি করপোরেশনে দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ তুলে তারা বলেন, এসব পদক্ষেপ গণতান্ত্রিক চর্চা ও সুশাসনের পরিপন্থী।

তারা অভিযোগ করেন, বিভিন্ন অর্থনৈতিক ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রভাব বিস্তারের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বক্তারা সংশ্লিষ্টদের সতর্ক হওয়ার পরামর্শ দেন।

রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন মহানগর জামায়াতের নায়েবে আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, শাহাদৎ হোসাইন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, ব্যবসা ও কল্যাণ সম্পাদক অধ্যাপক এ কে এম সারওয়ার জাহান প্রিন্স, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট এবং যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন