রাজশাহীতে ১ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশিত: জুন ৪, ২০২৬; সময়: ৭:৩৫ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গত ৩ জুন ২০২৬ বিকেল ৪টা ২৫ মিনিটে গোদাগাড়ী থানার ডাইংপাড়া মোড় এলাকায় নির্মাণাধীন বিসমিল্লাহ টাওয়ারের দক্ষিণ পাশে ফাঁকা জায়গা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. আমিনুল ইসলাম স্বপন (৪৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর বাজার (খোহার মোড়) এলাকার মৃত ইলিয়াস আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা ডিবির এসআই (নিরস্ত্র) মো. নাছিম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ মহিষালবাড়ী বাজার মোড় ও আশপাশ এলাকায় মাদকবিরোধী অভিযানে দায়িত্ব পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, ডাইংপাড়া মোড় এলাকায় এক ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

সংবাদের ভিত্তিতে বিকেল ৪টা ২০ মিনিটে সেখানে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের বাম পকেটে থাকা একটি সাদা পলিথিনের ভেতর থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত আমিনুল ইসলাম স্বপনের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এবং ঢাকার আদাবর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন