প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ নির্মাণ ও নতুন খেলোয়াড় তৈরির পরিকল্পনার কথা জানালেন রাসিক প্রশাসক

প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগ, তরুণদের ক্রীড়ামুখী করতে নানা পরিকল্পনার ঘোষণা

প্রকাশিত: জুন ৭, ২০২৬; সময়: ১১:১৭ pm | 
খবর > খেলা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও আধুনিক, প্রাণবন্ত ও প্রতিযোগিতামূলক পর্যায়ে নিয়ে যেতে কাজ করার ঘোষণা দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। তিনি বলেছেন, তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলাই হতে পারে সবচেয়ে কার্যকর মাধ্যম। এ লক্ষ্যে নগরজুড়ে খেলাধুলার পরিবেশ বিস্তারে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে।

রোববার (০৭ জুন) বিকেলে নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের রায়পাড়া বালুর মাঠে আয়োজিত ‘বিসমিল্লাহ এন্টারপ্রাইজ প্রেজেন্টস ১৭ নম্বর ওয়ার্ড ক্রিকেট লীগ সিজন-৯, ২০২৬’-এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাসিক প্রশাসক বলেন, দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান ধারাবাহিকভাবে কাজ করছেন। সাবেক খেলোয়াড়দের জন্য সম্মানী ভাতার ব্যবস্থা এবং তরুণদের খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণে উৎসাহ প্রদানের নানা উদ্যোগ ইতোমধ্যে নেওয়া হয়েছে।

তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী রাজশাহী নগরীর প্রতিটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ গড়ে তোলার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি তিন থেকে চারটি ওয়ার্ডের জন্য সমন্বিত কবরস্থান নির্মাণের উদ্যোগও প্রক্রিয়াধীন রয়েছে।

মাহফুজুর রহমান রিটন আরও বলেন, “বাংলাদেশ ক্রিকেটে ইতোমধ্যে বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান তৈরি করেছে। ভবিষ্যতে ফুটবল বিশ্বকাপেও বাংলাদেশ অংশ নেবে—এমন স্বপ্ন আমরা দেখি। সেই লক্ষ্য অর্জনে তৃণমূল পর্যায় থেকেই প্রতিভাবান খেলোয়াড় তৈরি করতে হবে।”

তিনি সফল আয়োজনের জন্য ১৭ নম্বর ওয়ার্ড ক্রিকেট লীগ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ক্রীড়াভিত্তিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহমখদুম থানা বিএনপির সদস্য সচিব ও বিসমিল্লাহ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ নাসিম খান।

এ সময় উপস্থিত ছিলেন চন্দিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রেজাউল করিম রঞ্জু, যুগ্ম আহ্বায়ক শাহজাহান আলী, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সদস্য সচিব মজিউল আহসান হিমেল, ১৯ নম্বর ওয়ার্ড (উত্তর) বিএনপির সভাপতি মনিরুজ্জামান ডাবলু, চন্দিমা থানা নেতা জাহাঙ্গীর, হযরত ও মুন্না, ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বেলাল আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ জামাল, শাহমখদুম থানা শ্রমিক দলের সাবেক সভাপতি আলমাস খান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, ১৭ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি মোঃ জাকির হোসেন টিটুসহ স্থানীয় রাজনৈতিক ও ক্রীড়া সংগঠনের নেতারা।

উল্লেখ্য, টানটান উত্তেজনার ফাইনাল ম্যাচে জান্নাত হাউজিং দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাগানপাড়া স্ট্রাইকারস। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন রাসিক প্রশাসক।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন