রাজশাহীতে সন্ত্রাসবিরোধী আইনে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে মিছিল করার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পবা থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- পবা উপজেলার বড়গাছি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আজমত আলী এবং হড়গ্রাম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সামায়ন কবির হেলাল।
পুলিশ জানায়, আজমত আলী মহানগরীর এয়ারপোর্ট থানার বিষুর মোড় এলাকার মৃত সিদ্দিক আলী মণ্ডলের ছেলে। অন্যদিকে সামায়ন কবির হেলাল কাশিয়াডাঙ্গা থানার পশ্চিম বালিয়া এলাকার বাসিন্দা ও মৃত সাত্তার আলীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ জুন সকাল সাড়ে ৬টার দিকে পবা থানার আলাইবিদিরপুর এলাকায় রহমান স্পেশালাইজড কোল্ড স্টোরেজের সামনে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে ৩৫ থেকে ৪০ জনের একটি দল মিছিল বের করে। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেয়।
পুলিশের দাবি, মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন। তাদের অনেকের মুখে মাস্ক ছিল। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার দিনই পবা থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়ি থেকে আজমত আলীকে গ্রেপ্তার করা হয়। একই রাতে সাড়ে ৩টার দিকে পৃথক অভিযানে সামায়ন কবির হেলালকে তাঁর বাড়ি থেকে আটক করা হয়।
বৃহস্পতিবার গ্রেপ্তার দুই আসামিকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাঁদের জেলহাজতে পাঠানো হয়।




