উত্তাপহীন লড়াইয়ে পয়েন্ট ভাগাভাগি ব্রাজিল ও মরক্কোর

পদ্মাটাইমস ডেস্ক : মরক্কোর এগিয়ে যাওয়া, ব্রাজিলের দ্রুত জবাব- শুরুর দিকে ম্যাচে রোমাঞ্চের আভাস মিললেও সময়ের সঙ্গে সেই উত্তাপ হারিয়ে যায়। শেষ পর্যন্ত বিশ্বকাপের ‘সি’ গ্রুপে ব্রাজিল ও মরক্কোর লড়াই ১-১ গোলের সমতায় শেষ হয়েছে।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার ভোরে অনুষ্ঠিত ম্যাচে ইসমায়েল সাইবারির গোলে পিছিয়ে পড়ার পর ভিনিসিউস জুনিয়রের দুর্দান্ত গোলে সমতায় ফেরে ব্রাজিল।
ম্যাচের শুরুতে ব্রাজিলকে কিছুটা এলোমেলো দেখালেও মরক্কো ছিল বেশ গোছানো। প্রথম কয়েক মিনিটে খেলার নিয়ন্ত্রণও ছিল তাদের হাতে। ষষ্ঠ মিনিটে নাইল এল আইনাউইয়ের শট ডিফেন্ডার গাব্রিয়েল ঠেকিয়ে দিলে সম্ভাব্য বিপদ থেকে রক্ষা পায় ব্রাজিল।
এরপর ধীরে ধীরে ম্যাচে ফেরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ১২তম মিনিটে ভিনিসিউস জুনিয়রের ক্রস থেকে নিশ্চিত সুযোগ পেলেও ইগোর থিয়াগো হেডে লক্ষ্যভেদ করতে পারেননি।
মিস করা সেই সুযোগের মাশুল গুনতে হয় ২১তম মিনিটে। দ্রুত পাল্টা আক্রমণ থেকে ব্রাহিম দিয়াসের নিখুঁত থ্রু পাস ধরে আলিসনকে পরাস্ত করে চিপ শটে গোল করেন ইসমায়েল সাইবারি। বিশ্বকাপ অভিষেকেই জালের দেখা পান পিএসভি আইন্দহোভেনের এই ফরোয়ার্ড।
তবে বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি ব্রাজিলকে। ৩২তম মিনিটে ব্রুনো গিমারেসের পাস ধরে ডি-বক্সে ঢুকে দারুণ এক শটে সমতা ফেরান ভিনিসিউস জুনিয়র। জাতীয় দলের হয়ে এটি তার ১০ম এবং বিশ্বকাপে দ্বিতীয় গোল।
বিরতির আগে লুকাস পাকেতা গোলের সুযোগ পেলেও তার অ্যাক্রোবেটিক ভলি কর্নারের বিনিময়ে রুখে দেন মরক্কোর গোলরক্ষক।
দ্বিতীয়ার্ধে দুই দলই অনেক বেশি সতর্ক ফুটবল খেলেছে। ফলে আক্রমণে ধার কমে যায় এবং গোলের তেমন সুযোগও তৈরি হয়নি। ৭৯তম মিনিটে ভিনিসিউসের পাস থেকে রাফিনিয়া ভালো সুযোগ পেলেও দুর্বল শটে তা নষ্ট করেন।
শেষ দিকে আলিসনের একটি ভুল প্রায় বিপদ ডেকে আনছিল। তবে নাইল এল আইনাউইয়ের শট নিজেই ঠেকিয়ে পরিস্থিতি সামাল দেন ব্রাজিলের এই গোলরক্ষক।
ম্যাচে গোল করা দুই খেলোয়াড় সাইবারি ও ভিনিসিউসের গোল পাওয়া ম্যাচে তাদের দল এখনো অপরাজিত রয়েছে। এই ম্যাচেও সেই ধারাবাহিকতা বজায় থাকল।
বাংলাদেশ সময় আগামী শনিবার সকালে হাইতির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। একই দিনে ভোরে স্কটল্যান্ডের মুখোমুখি হবে মরক্কো।




