অস্থিতিশীলতা তৈরির উদ্দেশ্যে বিরোধী দলের বাজেট বিরোধিতা: প্রধানমন্ত্রী

প্রকাশিত: জুন ১৩, ২০২৬; সময়: ৫:৪১ pm | 
খবর > জাতীয়

পদ্মাটাইমস ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়ন ও জনকল্যাণমূলক উদ্যোগ বাধাগ্রস্ত করতে বিরোধী দল প্রস্তাবিত বাজেটের বিরোধিতা করছে। তাদের লক্ষ্য জনগণের স্বার্থ রক্ষা নয়, বরং দেশে অস্থিতিশীলতা ও বিভ্রান্তি সৃষ্টি করা।

শনিবার সকালে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিরোধী দল বলছে তারা এই বাজেট মানে না। অথচ যে বাজেটে কর কমানো হয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর থেকে কর প্রত্যাহার করা হয়েছে, এমনকি মদ ও সিগারেটের দাম বাড়ানো হয়েছে, সেই বাজেটও তাদের পছন্দ নয়। তাহলে তাদের প্রকৃত উদ্দেশ্য কী, সেটি জনগণ বুঝতে পারছে।’

তিনি বলেন, ‘তাদের লক্ষ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়। একমাত্র উদ্দেশ্য হলো দেশে অস্থিতিশীলতা ও অশান্তি সৃষ্টি করা এবং মানুষকে বিভ্রান্ত করা।’

বাজেটের বিভিন্ন দিক তুলে ধরে তারেক রহমান বলেন, প্রস্তাবিত বাজেটে চাল, ডাল, তেল, লবণসহ ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর থেকে কর প্রত্যাহার করা হয়েছে, যাতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় না বাড়ে।

তিনি বলেন, ‘বর্তমান সরকারের সব উদ্যোগের লক্ষ্য একটাই -দেশের মানুষকে ভালো রাখা। জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই যতদিন বেঁচে থাকব, দেশের মানুষের কল্যাণে কাজ করে যাব।’

বিএনপির রাজনীতির মূল ভিত্তি জনগণ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপির সকল ক্ষমতার উৎস জনগণ। আমরা মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি করি।’

বক্তব্যের শুরুতে পাতলী খাল পুনঃখননের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, প্রায় ৫০ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খাল খনন করেছিলেন। পুনঃখনন সম্পন্ন হলে প্রায় ৪০ হাজার মানুষ এবং সাড়ে ৮ হাজার কৃষক সরাসরি উপকৃত হবেন।

তিনি আরও জানান, কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে আগামী পাঁচ বছরে দেশের ২৩ হাজার খাল পুনঃখননের পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হলেও শিল্প ও বাণিজ্যের বিকাশ সমান গুরুত্বপূর্ণ। শিল্পায়ন ও ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। এ কারণেই দেশে উৎপাদিত পণ্যের সুরক্ষায় আমদানি করা সমজাতীয় কিছু পণ্যের ওপর কর বৃদ্ধি করা হয়েছে, যাতে দেশীয় শিল্পকারখানা আরও শক্তিশালী হতে পারে।’

কক্সবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুল মাবুদের সভাপতিত্বে সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বক্তব্য দেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন