সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান প্রধানমন্ত্রীর

পদ্মাটাইমস ডেস্ক: গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চায় আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেছেন, দলীয় অবস্থান বা সরকারের তোষামোদ নয়, বরং সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে তুলে ধরতে হবে।
সোমবার (১৫ জুন) রাজধানীতে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বার্তা সম্পাদকদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে দেশের টেলিভিশন শিল্পের বর্তমান সংকট, সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ, চাকরির নিরাপত্তা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠক শেষে সাংবাদিক নেতারা জানান, টেলিভিশন শিল্পকে একটি পূর্ণাঙ্গ শিল্পখাত হিসেবে গড়ে তোলার দাবি জানানো হয়েছে। পাশাপাশি ওয়েজ বোর্ড বাস্তবায়ন, সাংবাদিকদের চাকরির নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দ্রুত একটি কার্যকর গণমাধ্যম কমিশন গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় প্রধানমন্ত্রী দেশে ইতিবাচক পরিবর্তন ও গণতান্ত্রিক সংস্কৃতি বিকাশে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম. ছালেহ শিবলী জানান, অর্থনীতি ও সমাজনীতির পাশাপাশি মানবিক ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করতেও গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এ লক্ষ্যেই একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এ বিষয়ে অংশীজনদের মতামত গ্রহণের লক্ষ্যে আগামী ১৮ জুন একটি সংলাপ অনুষ্ঠিত হবে।




