রাজশাহী সফরে মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি ক্রিস্টেনসেন মঙ্গলবার সকালে চার সদস্যের সফরসঙ্গী নিয়ে রাজশাহী সফরে এসেছেন। তিনি রাজশাহীর আম শিল্প ও ব্যবসা সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, সকাল ৮টা ১৬ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন রাষ্ট্রদূত ও তাঁর সফরসঙ্গীরা।
বিমানবন্দরে পৌঁছানোর পর সকাল ৮টা ২৮ মিনিটে তারা সড়কপথে রাজশাহীর ঐতিহ্যবাহী বানেশ্বর আম বাজার হয়ে বাংলাদেশ পুলিশ একাডেমির উদ্দেশে রওনা হন।
সফরকালে রাষ্ট্রদূতের আম ব্যবসা, কৃষি সম্ভাবনা এবং স্থানীয় পর্যায়ের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেওয়ার কথা রয়েছে বলে জানা গেছে। তবে তাঁর সফরের বিস্তারিত কর্মসূচি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশে দায়িত্ব গ্রহণ করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এর আগে তিনি বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন।




