অশান্তি হলে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সম্ভব হবে না: প্রধানমন্ত্রী

প্রকাশিত: জুন ১৭, ২০২৬; সময়: ৬:১৯ pm | 
খবর > জাতীয়

পদ্মাটাইমস ডেস্ক : যারা জনগণের কল্যাণে প্রণীত বাজেটকে গণবিরোধী বলে আখ্যা দেয়, তাদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে অশান্তি সৃষ্টির অপচেষ্টা রুখে দিতে হবে।

বুধবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘যারা জনগণকে বিভ্রান্ত করতে চায়, তারা যদি দেশে অশান্তি করার সুযোগ পায়, তাহলে আমরা ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করতে পারব না। তাই তাদের ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।’

বাজেটের সমালোচনাকারীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘যে বাজেটে ৬০টি পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করা হয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কৃষক, শিক্ষার্থী, প্রতিবন্ধী ও সাধারণ মানুষের জন্য বরাদ্দ রাখা হয়েছে, সেই বাজেটকে গণবিরোধী বলা জনগণের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেওয়ার শামিল।’

তিনি জানান, আগামী এক বছরের মধ্যে দেশের ৪০ লাখ কৃষকের হাতে কৃষক কার্ড এবং আরও ৪০ লাখ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে। সরকার গঠনের এক মাসেরও কম সময়ের মধ্যে এ প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী চা-বাগানের নারী শ্রমিকদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি আবাসন সুবিধা নিশ্চিত করতে ৫০ জন শ্রমিককে ঘর নির্মাণের জন্য দুই লাখ টাকা করে অনুদান দেওয়া হয়েছে।

তারেক রহমান আরও বলেন, দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপজেলা হাসপাতালগুলোকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার জন্য বাজেটে অর্থ বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি শিক্ষা, খেলাধুলা ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন খাতে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে।

বিদেশে অর্থ পাচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণের অর্থ আর পাচার হতে দেওয়া হবে না। দেশের সম্পদ দেশের মানুষের কল্যাণেই ব্যয় করা হবে।

অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী এবং জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বক্তব্য দেন।

পরে প্রধানমন্ত্রী বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির উপকারভোগীদের মধ্যে ফ্যামিলি কার্ড, আর্থিক অনুদান ও আবাসন সহায়তার বরাদ্দপত্র বিতরণ করেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন