নওগাঁয় রেললাইনের পাশে পড়েছিল শিক্ষকের লাশ

প্রকাশিত: জুন ১৭, ২০২৬; সময়: ৮:৪৯ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, আত্রাই : নওগাঁর আত্রাই উপজেলায় রেললাইনের পাশ থেকে এক কলেজ শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

বুধবার সকালে উপজেলার শাহাগোলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান।

নিহত নেয়ামুল বাশির (৫১) রাজশাহীর বাগমারা উপজেলার নামকান দেওয়ানপাড়া গ্রামের প্রয়াত নবিবর রহমানের ছেলে। তিনি আত্রাই উপজেলার বড়শিমলা মহিলা কলেজের শিক্ষক ছিলেন। জেলা শহরের পার নওগাঁ চকরামচন্দ্র মহল্লায় বসবাস করতেন তিনি।

নিহতের স্ত্রী সাহিদ বেগম জানান, মঙ্গলবার বিকেলে গ্রামের বাড়ি থেকে নওগাঁর উদ্দেশ্যে রওনা হন নেয়ামুল। সন্ধ্যার আগে আত্রাই রেলওয়ে স্টেশন থেকে ফোন করে তিনি জানান, এশার নামাজের পর বাসায় ফিরবেন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বুধবার সকালে পুলিশের মাধ্যমে মৃত্যুর খবর জানতে পারেন তারা।

নিহতের ভাই মিজানুর রহমান বলেন, মঙ্গলবার সন্ধ্যায় বড় ভাইয়ের সঙ্গে শেষবার কথা হয়। পরে আত্রাই রেলস্টেশন এলাকা থেকে অটোরিকশায় করে নওগাঁয় ফেরার কথা ছিল। পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

আত্রাই থানার ওসি মাহাবুবুর রহমান জানান, সকালে স্থানীয়রা রেললাইনের পাশে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে বিষয়টি রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়। ঘটনাস্থল রেলওয়ের আওতাভুক্ত হওয়ায় লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান বলেন, নিহতের পরনে সাদা জুব্বা-পায়জামা ছিল। লাশের পাশে তার ব্যবহৃত ব্যাগ পাওয়া গেছে। এছাড়া হাতে ঘড়ি, জুব্বার পকেটে মোবাইল ফোন এবং ব্যাগে কিছু টাকা ছিল।

তিনি আরও জানান, নিহতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন