প্রধানমন্ত্রীর উপহার হিসেবে চারঘাটে দুঃস্থদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, চারঘাট: রাজশাহীর চারঘাট উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে অসহায়, গরিব ও দুঃস্থ মানুষের মাঝে সেলাই মেশিন, হুইলচেয়ার, ঢেউটিন, ফ্যান, বাইসাইকেল এবং সাংস্কৃতিক সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২০ জুন) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে চারঘাট উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল এবং সহকারী কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রাহিদুল ইসলাম, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্য, চারঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম বাচ্চু, স্থানীয় সাংবাদিক এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে ২০২৫-২৬ অর্থবছরের কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তির অর্থ বিতরণ করেন সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।




