বীর মুক্তিযোদ্ধাদের মাঝে জেলা পরিষদের আর্থিক সহায়তার চেক বিতরণ

প্রকাশিত: জুন ২২, ২০২৬; সময়: ৭:২৫ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) সকাল ১১টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা)।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধাদের অসীম ত্যাগ, সাহস ও আত্মবলিদানের মধ্য দিয়েই বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সম্মান প্রদর্শন করা শুধু রাষ্ট্রের নয়, প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। তাদের অবদান নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে, যাতে তারা মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটি সমৃদ্ধ, উন্নত ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, “বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণ, সম্মান ও মর্যাদা রক্ষায় বর্তমান সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। সেই ধারাবাহিকতায় রাজশাহী জেলা পরিষদও মুক্তিযোদ্ধাদের পাশে থেকে তাদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। আজকের এই চেক বিতরণ শুধু আর্থিক সহায়তা নয়, বরং জাতির পক্ষ থেকে তাদের প্রতি গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও সম্মানের প্রতীক।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, প্রধান সহকারী এস. এম. আল মতিন, উপ-সহকারী প্রকৌশলী এ. কে. এম. আনোয়ার হোসেন এবং প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল আলিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী প্রকৌশলী মো. আল আমীন মল্লিক।

এসময় জেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন। আলোচনা সভা শেষে ৭৩ জন বীর মুক্তিযোদ্ধার মাঝে মোট ৪ লাখ ৩৮ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন