বাগমারায় পুকুরে বিষ প্রয়োগে ৪ লাখ টাকার মাছ নিধন

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের মাধাইমুড়ি গ্রামে একটি মাছের পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৪ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাগমারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মাছচাষি রেজাউল করিম।
লিখিত অভিযোগে তিনি জানান, উপজেলার ঝিকরা মৌজায় ৭০ শতক আয়তনের একটি পুকুরে তিনি ও তার অংশীদাররা প্রায় ১০ মাস ধরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন। পুকুরটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে একই গ্রামের আব্দুল আজিজ, বাবুল ও কামরুজ্জামানের বিরুদ্ধে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ আনা হয়েছে।
অভিযোগে বলা হয়, গত ১৯ জুন রাতে স্থানীয়ভাবে একটি মীমাংসা বৈঠকে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয় এবং নগদ ৭৭ হাজার ৫০০ টাকা পরিশোধ করা হয়। কিন্তু পরদিন রাত আনুমানিক ৩টার দিকে অভিযুক্তরা পুকুরে বিষ প্রয়োগ করেন বলে অভিযোগ করেন রেজাউল করিম।
তিনি আরও জানান, স্থানীয় বাসিন্দা সফর আলী ও ইব্রাহিম ঘটনাস্থলে কয়েকজনকে দেখতে পেয়ে চিৎকার করলে তারা দ্রুত সেখান থেকে চলে যায়। পরে ভোরে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন পুকুরের মাছ মরে ভেসে উঠছে। এতে রুই, কাতলা, মৃগেল, জাপানি ও আইড়সহ বিভিন্ন প্রজাতির মাছ মারা যায়। তার দাবি, এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ঘটনার পর তিনি থানায় লিখিত অভিযোগ দিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত আজিজুর রহমান বলেন, আগে তারা অংশীদারদের কাছ থেকে লিজ নিয়ে ওই পুকুরে মাছ চাষ করতেন। পরে লিজের অর্থ পরিশোধ করতে না পারায় অন্য অংশীদাররা মাছ চাষ করছেন। বিষ প্রয়োগের ঘটনায় তাদের কোনো সংশ্লিষ্টতা নেই বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগে একটি লিখিত আবেদন পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




