রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : বিচারিক কার্যক্রমের গতি বৃদ্ধি, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং বিচারপ্রার্থী জনগণের ভোগান্তি কমাতে বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) সকাল ১০টায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, রাজশাহীর সম্মেলন কক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
কনফারেন্সের সভাপতিত্ব করেন রাজশাহীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মালেক। এতে বিচার বিভাগ, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও সমন্বয়ের মাধ্যমে বিচারপ্রক্রিয়ায় বিদ্যমান প্রতিবন্ধকতা দূরীকরণের বিষয়ে আলোচনা করা হয়।
সভায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মালেক সমন জারি, গ্রেফতারি ও হুলিয়া পরোয়ানা তামিল, সাক্ষী হাজিরকরণ, তদন্ত কার্যক্রমের বাধা দূরীকরণ, মেডিকেল সার্টিফিকেট ও ময়নাতদন্ত প্রতিবেদন সময়মতো প্রাপ্তি, ফরেনসিক ও ভিসেরা রিপোর্ট সংগ্রহ, আলামত উপস্থাপন ও নিষ্পত্তি, বিচারাধীন আসামিদের আদালতে হাজিরকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, সংশ্লিষ্ট সব দপ্তরের পারস্পরিক সহযোগিতা ও আন্তরিকতার মাধ্যমে যৌক্তিক সময়ের মধ্যে বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব হবে।
কনফারেন্সে রাজশাহী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির সব ম্যাজিস্ট্রেট ছাড়াও পিবিআই, র্যাব, সিআইডি, ডিবি পুলিশ, জেলা প্রশাসন, সিভিল সার্জন কার্যালয়, জেল সুপার, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, বিজিবি প্রতিনিধি, রাজশাহী বার এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক, পাবলিক প্রসিকিউটর, প্রবেশন অফিসার এবং জেলার সব থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




