নওহাটা পৌরসভায় সোয়া কোটি টাকার উন্নয়নকাজের উদ্বোধন

প্রকাশিত: জুন ২০, ২০২৬; সময়: ৬:৫৪ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভায় প্রায় ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ইউনিব্লক সড়ক, আরসিসি নালা, রিটেইনিং ওয়াল ও গণশৌচাগার নির্মাণসহ বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২০ জুন) সকালে নওহাটা পৌরসভার হাটবাজার এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কাজের উদ্বোধন করেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন।

এ সময় তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি এবং রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। পবা ও মোহনপুর এলাকার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন এবং প্রয়োজনীয় বাজেট নিশ্চিত করতে ধারাবাহিক প্রচেষ্টার ফলে ইতোমধ্যে প্রায় ৫০ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ পাওয়া গেছে।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার ও অবকাঠামো উন্নয়নের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেটে উল্লেখযোগ্য বরাদ্দ রাখা হয়েছে। এ বাজেট থেকে উত্তরাঞ্চল, বিশেষ করে পবা-মোহনপুর এলাকার জন্য অতিরিক্ত বরাদ্দ নিশ্চিত করতে জাতীয় সংসদে দাবি জানানো হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নওহাটা পৌরসভার প্রশাসক মো. ইবনুল আবেদীন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়িত ‘লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট’-এর আওতায় এসব উন্নয়নকাজ পরিচালিত হচ্ছে।

প্রকল্প সূত্রে জানা যায়, প্রথম প্যাকেজের আওতায় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে মোট ৩১০ মিটার ইউনিব্লক সড়ক নির্মাণ এবং ১ নম্বর ওয়ার্ডে একটি গণশৌচাগার নির্মাণ করা হবে। এ প্যাকেজের ব্যয় ধরা হয়েছে ৬৩ লাখ ১৯ হাজার ৭৩১ টাকা।

দ্বিতীয় প্যাকেজের আওতায় নওহাটা বাজার এলাকায় ২০৭ মিটার আরসিসি নালা এবং বাজার জামে মসজিদের উত্তর পাশে রিটেইনিং ওয়াল নির্মাণ করা হবে। এ প্যাকেজের প্রাক্কলিত ব্যয় ৫৭ লাখ টাকা। কাজটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান শাপলা ট্রেডার্স।

উদ্বোধনী অনুষ্ঠানে নওহাটা পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান, সহকারী প্রকৌশলী আব্দুর রহিম ও তৌফিক হোসেন, হিসাবরক্ষণ কর্মকর্তা সাজ্জাদ হোসেন, সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, পবা উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, জেলা যুবদলের সদস্য ইফতেখারুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন