রাজশাহীতে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: জুন ২০, ২০২৬; সময়: ৬:০৬ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) বেলা ১২টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি, রাজশাহী জেলা শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রিয়াজ আহমেদ খান।

মানববন্ধনে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান রিংকু, প্রধান উপদেষ্টা এহসানুল হুদা দুলু, সহসভাপতি এস এম শিহাব উদ্দিন ও গোলাপ সরদার, সেলিম রেজা, আরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের ও রাশেদ ইসলাম, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পান্না ও লিয়াকত খান সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাকিবুল ইসলাম রাজীব এবং রেস্তোরাঁ শ্রমিক নেতা জহিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বাংলা টিফিন রেস্তোরাঁয় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের যথাযথ ক্ষতিপূরণের দাবি জানান।

এর আগে শুক্রবার রাত ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে নগরীর বিনোদপুর বাজার এলাকায় বাংলা টিফিন রেস্তোরাঁয় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

এদিকে হামলার সময় ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য মো. ফয়েজ আহত হন। তাকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বিভাগীয় পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন