রাকাব-এসইসিপির কর্মীদের চাকরি স্থায়ীকরণের দাবি

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) স্মল এন্টারপ্রাইজেস ক্রেডিট প্রজেক্ট (এসইসিপি)-এ কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা চাকরি স্থায়ীকরণসহ বিভিন্ন দাবিতে সংবাদ সম্মেলন করেছেন।
শনিবার (২০ জুন) দুপুরে রাজশাহী নগরীর আলুপট্টি মোড় এলাকার একটি রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
লিখিত বক্তব্যে এসইসিপির ইউএফও মোহাম্মদ রেজাউল আলম বলেন, ২০০২ সালে প্রতিষ্ঠিত প্রকল্পটিতে বর্তমানে ৪২ জন কর্মকর্তা-কর্মচারী প্রায় দুই যুগ ধরে কর্মরত রয়েছেন। উত্তর-পশ্চিমাঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি ও ক্ষুদ্র-মাঝারি উদ্যোক্তাদের ঋণ সহায়তা প্রদানের লক্ষ্যে নরওয়ে সরকারের অনুদানে প্রকল্পটি চালু হয়।
তিনি দাবি করেন, প্রকল্পটি সফলভাবে পরিচালিত হয়ে প্রতিবছর ৮ থেকে ১০ কোটি টাকা আয় করলেও কর্মকর্তা-কর্মচারীরা এখনো চাকরি স্থায়ীকরণ, বার্ষিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড (পিএফ) ও অন্যান্য আর্থিক সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। দীর্ঘদিন ধরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- এসইসিপি প্রকল্পকে জনবলসহ রাকাবের সঙ্গে আত্মীকরণ, চাকরিতে যোগদানের তারিখ থেকে ইনক্রিমেন্ট ও পিএফ কার্যকর করা, সরকার ঘোষিত বিশেষ আর্থিক সুবিধা প্রদান, উচ্চতর গ্রেডে পদোন্নতি, পদোন্নতি নীতিমালা বাস্তবায়ন এবং সরকারি বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা।
এ ছাড়া দীর্ঘ সাত বছরেও কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগ তুলে বর্তমান প্রকল্প পরিচালক মো. আব্দুল্লাহ সালাহ উদ্দিন গাজীর অপসারণও দাবি করেন তারা।
সংবাদ সম্মেলনে কর্মীরা জানান, বর্তমানে তারা কলমবিরতি পালন করছেন। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলেও ঘোষণা দেন।
এ বিষয়ে প্রকল্প পরিচালক মো. আব্দুল্লাহ সালাহ উদ্দিন গাজী বলেন, বিষয়গুলো অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের সঙ্গে সংশ্লিষ্ট। অনুমোদন না আসায় সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভব হয়নি। অপসারণের দাবির বিষয়ে তিনি বলেন, তিনি রাকাবের কর্মকর্তা এবং কর্তৃপক্ষ প্রয়োজন মনে করলে তাকে মূল প্রতিষ্ঠানে ফিরিয়ে নিতে পারে।
সংবাদ সম্মেলনে রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ ও পাবনা জেলার কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।




