বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই জ্ঞানী-গুণীদের সম্মানিত করে আসছে: হুইপ দুলু

প্রকাশিত: জুন ২০, ২০২৬; সময়: ৭:৪৪ pm | 
খবর > আঞ্চলিক

জ্যেষ্ঠ প্রতিবেদক, নাটোর : বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের শিক্ষক, জ্ঞানী-গুণী ও বুদ্ধিজীবীদের সম্মানিত করে আসছে। বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, তখনই শিক্ষাবান্ধব বাজেট প্রণয়ন করেছে।

শনিবার (২০ জুন) বিকেলে নাটোরের বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত গুণীজন সংবর্ধনা, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজের সাবেক অধ্যক্ষ মো. আফসার আলীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস, বড়াইগ্রাম পৌরসভার সাবেক মেয়র ইসাহাক আলী, সাবেক প্রশাসক অ্যাডভোকেট শরীফুল হক মুক্তা, গুণীজন সংবর্ধনা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শফীউল হাসান তিতু, সদস্যসচিব রাশিদুল ইসলাম ও মনির হোসেন।

অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত, বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ও প্রাচ্যকলা বিভাগের সাবেক চেয়ারম্যান ড. আব্দুস সাত্তারকে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় স্থানীয় বক্তারা নাটোরের বড়াইগ্রাম উপজেলাকে বিভক্ত করে বড়াইগ্রাম ও বনপাড়া নামে দুটি পৃথক উপজেলা গঠনের দাবি জানান।

প্রধান অতিথি হুইপ দুলু এ দাবির প্রতি সমর্থন জানিয়ে বলেন, বড়াইগ্রামের মানুষের দীর্ঘদিনের এই দাবির বিষয়ে তিনি সরকারের উচ্চপর্যায়ে আলোচনা করবেন এবং বড়াইগ্রাম ও বনপাড়া নামে দুটি পৃথক উপজেলা গঠনের প্রচেষ্টা চালাবেন।

এর আগে সকালে তিনি নাটোর সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র কৃষকদের মাঝে রাসায়নিক সার ও বীজ বিতরণ করেন। এছাড়া শহরের পশ্চিম আলাইপুর এলাকায় আইটি বেইজড স্কাউট ট্রেনিং সেন্টারের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন