আগস্টেই ঢাকা-পাবনা ট্রেন, পরিবহন খাতে বড় পরিবর্তনের ইঙ্গিত

নিজস্ব প্রতিবেদক, পাবনা: দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে পাবনাবাসীর। আগামী আগস্টের মধ্যেই ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী রবিউল আলম। তিনি বলেন, এ রুটে ট্রেন পরিচালনার জন্য লোকোমোটিভ প্রস্তুত রয়েছে। আগামী মাসে নতুন কোচ হাতে পেলেই অগ্রাধিকার ভিত্তিতে ট্রেন চালু করা হবে।
শনিবার (২০ জুন) দুপুরে পাবনা সার্কিট হাউস মিলনায়তনে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, দেশের পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। মালিক ও শ্রমিকদের প্রতিপক্ষ নয়, বরং অংশীদার হিসেবে সঙ্গে নিয়ে একটি আধুনিক, জবাবদিহিমূলক ও শৃঙ্খলাবদ্ধ পরিবহন ব্যবস্থা গড়ে তোলা হবে। সরকারের কাছে সর্বোচ্চ গুরুত্ব পাবে জনস্বার্থ ও জনআকাঙ্ক্ষা।
তিনি জানান, সড়ক, রেল ও নৌপথকে সমন্বিত করে আন্তর্জাতিক মানের মাল্টি-মোডাল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে যাত্রী ও পণ্য পরিবহন আরও সহজ, নিরাপদ ও সময় সাশ্রয়ী হবে।
ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালুর বিষয়ে মন্ত্রী বলেন, “লোকোমোটিভ প্রস্তুত রয়েছে। নতুন কোচ পেলেই আগামী আগস্টের মধ্যে ট্রেন চালুর লক্ষ্য নিয়ে কাজ করছি।”
এ ছাড়া রাজধানীর সঙ্গে পাবনাসহ উত্তর-পশ্চিমাঞ্চলের যোগাযোগ আরও সহজ করতে আরিচা-খাসচর সড়ক প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা (ফিজিবিলিটি স্টাডি) এবং উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়নের কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মণ্ডল, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সুফী উল্লাহ, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।
এর আগে মন্ত্রী শহীদ বুলবুল সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠানে অংশ নেন। পরে সন্ধ্যায় তিনি পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।




