হামে মৃত্যুর ঘটনায় ইউনূসদের বিরুদ্ধে মামলা নিল না আদালত

প্রকাশিত: জুন ৯, ২০২৬; সময়: ৫:৩৭ pm | 
খবর > আইন-আদালত

পদ্মাটাইমস ডেস্ক : হামে আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে দায়ের করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। তবে এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে বাদীপক্ষ।

গতকাল ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জসিতা ইসলামের আদালতে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল মামলার আবেদন করেন। শুনানি শেষে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আবেদনটি খারিজ করে দেন।

বাদীপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম জানান, আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, আসামিরা সরকারি দায়িত্বে ছিলেন এবং অভিযোগে উল্লিখিত ধারাগুলো তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এ কারণেই মামলাটি গ্রহণ করা হয়নি। তবে এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হবে।

মামলার বাদী শেখ মজিবুর রহমান ইকবাল বলেন, এটি কোনো ব্যক্তিগত বিষয় নয়। তার নির্বাচনী এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে হামে আক্রান্ত হয়ে বহু শিশুর মৃত্যু হয়েছে। জনগণের স্বার্থে দায়ীদের বিচারের মুখোমুখি করার দাবিতে তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণ সচিব মো. সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।

মামলার আবেদনে অভিযোগ করা হয়, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সময়কালে ইউনিসেফের মাধ্যমে টিকা আমদানি বন্ধ হয়ে যায় এবং উন্মুক্ত দরপত্রের মাধ্যমে নতুন প্রক্রিয়া চালু করায় টিকার সংকট সৃষ্টি হয়। এর ফলে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্সের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে আবেদনে বলা হয়, টিকা সংকটের বিষয়ে সরকারকে একাধিকবার সতর্ক করা হলেও তা আমলে নেওয়া হয়নি।

এছাড়া আবেদনে দাবি করা হয়, গত ১৫ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত দেশে ৭৫ হাজার ৭০৮ শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এবং অন্তত ৬১০ শিশুর মৃত্যু হয়েছে। তবে প্রকৃত আক্রান্ত ও মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন