সেনা কর্মকর্তা তানজিম হত্যায় ৪ জনের ফাঁসি, ৯ জনের যাবজ্জীবন

প্রকাশিত: মে ২০, ২০২৬; সময়: ৪:২২ pm | 
খবর > আইন-আদালত

পদ্মাটাইমস ডেস্ক : কক্সবাজারের চকরিয়ায় সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড এবং নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই ঘটনায় দায়ের করা অস্ত্র মামলায় ১৩ আসামিকে পৃথক দুই ধারায় ১৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই মামলায় পাঁচজনকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার দুপুর ১২টার দিকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (পঞ্চম) আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব ডুমখালী এলাকার মো. হেলাল উদ্দিন, নাছির উদ্দিন, মোর্শেদ আলম এবং নুরুল আমিন। এর মধ্যে মোর্শেদ আলম পলাতক রয়েছেন।

আদালতের অতিরিক্ত পিপি খুরশিদ আলম চৌধুরী জানান, দীর্ঘ শুনানি, সাক্ষ্য-প্রমাণ ও আলামত পর্যালোচনা শেষে আদালত এ রায় দিয়েছেন। হত্যা মামলায় বাদীপক্ষে ৫২ জন সাক্ষ্য দেন। অন্যদিকে অস্ত্র মামলায় সাক্ষ্য দেন ৪৬ জন। আসামিপক্ষ থেকেও সাফাই সাক্ষী উপস্থাপন করা হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর রাতে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় ডাকাতি প্রতিরোধ অভিযানে অংশ নেন লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন। অভিযানের সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তিনি নিহত হন।

এ ঘটনায় ২৫ সেপ্টেম্বর সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবদুল্লাহ আল হারুনুর রশিদ বাদী হয়ে ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরে অস্ত্র আইনে আরও একটি মামলা হয়। দীর্ঘ চার মাস তদন্ত শেষে ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।

রায় ঘোষণার সময় ১৮ আসামির মধ্যে ১২ জন আদালতে উপস্থিত ছিলেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত চারজনের মধ্যে তিনজন কারাগারে রয়েছেন এবং একজন পলাতক।

নিহত লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের বাড়ি টাঙ্গাইলে। তিনি ২০২২ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে ৮২তম দীর্ঘমেয়াদি কোর্সের মাধ্যমে আর্মি সার্ভিস কোরে (এএসসি) কমিশন লাভ করেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন