২৫ বছর পূর্ণের আগে পদত্যাগ করলে মিলবে না পেনশন

পদ্মাটাইমস ডেস্ক : সরকারি চাকরিতে ২৫ বছর পূর্ণ হওয়ার আগে স্বেচ্ছায় পদত্যাগ করলে কোনো কর্মচারী পেনশন সুবিধা পাবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গত ৯ জুলাই ২৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে।
বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি ফারাহ মাহবুবের সমন্বয়ে গঠিত আপিল বিভাগ গত ১১ মার্চ রাষ্ট্রপক্ষের করা আপিল মঞ্জুর করে এ রায় দেন। রায়ের মূল অংশ লিখেছেন বিচারপতি ফারাহ মাহবুব।
রায়ে বলা হয়েছে, আইনসভা যৌক্তিক বিবেচনায় এমন বিধান করেছে যে, ২৫ বছর চাকরি পূর্ণ হওয়ার আগে কোনো সরকারি কর্মচারী পদত্যাগ করলে তিনি পেনশনসহ অবসর-সুবিধার অধিকারী হবেন না।
মামলার নথি অনুযায়ী, মাহবুব মোরশেদ ১৯৯১ সালে সহকারী বিচারক হিসেবে বিচার বিভাগে যোগ দেন। ১৯ বছর চাকরি শেষে ২০১১ সালের ৩১ জানুয়ারি অতিরিক্ত জেলা জজ পদে থাকা অবস্থায় তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন। পরে ২০১৫ সালে চাকরির মেয়াদ বিবেচনায় পেনশন ও আনুতোষিক চেয়ে আবেদন করেন।
তবে প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় জানায়, সরকারি চাকরি থেকে পদত্যাগ করলে পূর্ববর্তী চাকরিকাল বাজেয়াপ্ত হয় এবং তা পেনশনের জন্য গণনাযোগ্য নয়। পাশাপাশি তার ২৫ বছর চাকরি পূর্ণ না হওয়ায় তিনি পেনশনের যোগ্য নন।
এর বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৬ সালে হাইকোর্টে রিট করেন মাহবুব মোরশেদ। ২০২১ সালে হাইকোর্ট তার পক্ষে রায় দিয়ে পেনশনসহ অন্যান্য সুবিধা দেওয়ার নির্দেশ দেন।
পরে রাষ্ট্রপক্ষ ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে জানিয়ে দেন, ২৫ বছর পূর্ণ হওয়ার আগে স্বেচ্ছায় পদত্যাগকারী সরকারি কর্মচারীরা পেনশন সুবিধা পাবেন না।




