দেশে প্রথম ২৯ কার্যদিবসে ধর্ষণ মামলার রায়

প্রকাশিত: মে ২৪, ২০২৬; সময়: ৭:০৯ pm | 
খবর > আইন-আদালত

পদ্মাটাইমস ডেস্ক: মেহেরপুরের গাংনীতে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় শাকিল হোসেন নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২৪ মে) দুপুরে মেহেরপুর শিশু সহিংসতা দমন ট্রাইবুনালের বিচারক তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

মাত্র ২৯ কার্যদিবসের মধ্যে ধর্ষণ মামলার রায় ঘোষণাকে দেশের বিচার ব্যবস্থায় নজিরবিহীন ঘটনা হিসেবে দেখা হচ্ছে। স্ব-শরীরে উপস্থিতি ও ভার্চুয়াল ভিডিও কলে সাক্ষ্য গ্রহণের মাধ্যমে মাত্র তিনদিনে সাক্ষীদের জবানবন্দি ও জেরা সম্পন্ন করা হয়। সংশ্লিষ্টদের মতে, দ্রুত বিচার নিশ্চিত করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

মামলা সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৬ জুন সকালে শিশুটির বাবা গ্রামের মাঠে কৃষিকাজ করছিলেন। বাবার জন্য খাবার নিয়ে মাঠে যাওয়ার পথে শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করে চাঁদপুর গ্রামের শাকিল হোসেন। পরে কান্নাকাটি করতে করতে শিশুটি বাবার কাছে পৌঁছালে ঘটনাটি জানাজানি হয়। একই দিন শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয় এবং গাংনী থানায় শাকিলের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন শিশুটির বাবা।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালতের নির্দেশে তাকে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর তুহিন অরণ্য বলেন, মেহেরপুর বিচার বিভাগের ইতিহাসে এত অল্প সময়ে কোনো মামলার রায় হয়নি। বিচারপ্রার্থীদের জন্য এটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে আসামিপক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন