রাতে কেঁপে উঠল ঢাকা, ভূমিকম্পের কেন্দ্র রূপগঞ্জ

প্রকাশিত: জুন ২২, ২০২৬; সময়: ১০:৫০ pm | 
খবর > জাতীয়

নিজস্ব প্রতিবেদক : ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সোমবার রাতে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রাত সাড়ে ৯টার দিকে হওয়া এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াৎ কবির জানান, রাত ৯টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪।

প্রাথমিকভাবে ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকায় বলা হলেও পরে আবহাওয়া অধিদপ্তর সংশোধিত তথ্যে জানায়, এর উৎপত্তিস্থল ছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায়। রাজধানীর আগারগাঁও ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে এর দূরত্ব ছিল প্রায় ১৬ কিলোমিটার পূর্বে।

এদিকে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৪। সংস্থাটির তথ্যমতে, ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই কম্পন অনুভব করার কথা জানান। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন