রাজশাহীতে মুগুর দিয়ে মেরে বাবাকে হত্যায় ছেলে গ্রেপ্তার

প্রকাশিত: জুন ২৯, ২০২৬; সময়: ৯:৫৬ am | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর নগরীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী দক্ষিণপাড়া এলাকায় বাবাকে মুগুর দিয়ে হত্যার অভিযোগে ছেলে রাকিব উর রহমান (২২)কে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার দিবাগত মধ্যরাতে রাজধানীর মধ্য পাইকপাড়ার গ্রীণভিউ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৫-এর রাজশাহী সদর কোম্পানি এবং র‌্যাব-৪-এর সিপিএসসি মিরপুর-১-এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়। রোববার বিকেলে র‌্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

র‌্যাব জানায়, গত ২২ জুন সকালে অবসরপ্রাপ্ত শিক্ষক রেজাউল করিম (৬০) ছেলের মুগুরের আঘাতে নিহত হন। ঘটনার দিন সকাল সাড়ে ৯টার দিকে রাকিব চাকরির পরীক্ষায় অংশ নিতে ঢাকায় যাওয়ার জন্য বাবার কাছে টাকা চান। এ সময় রেজাউল করিম তাকে তার মা আঞ্জুরা বেগমের কাছ থেকে টাকা নিতে বলেন। বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রেজাউল করিম তার স্ত্রীকে মারধর করলে পাশে থাকা রাকিব ক্ষিপ্ত হয়ে মুগুর দিয়ে বাবার মাথায় সজোরে আঘাত করেন। পরে মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রেজাউল করিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী আঞ্জুরা বেগম চন্দ্রিমা থানায় ছেলে রাকিবের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাকিব হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। আইনগত প্রক্রিয়া শেষে তাকে চন্দ্রিমা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন