রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ

প্রকাশিত: জুন ২৭, ২০২৬; সময়: ৬:৩৩ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) রাজশাহী শাখার দ্বিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার আব্দুল জাবীদ অপু চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সভাপতি পদে সামাদ খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান আসাদ।

এছাড়া সহ-সভাপতি পদে কাবিল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আজম খান, অর্থ সম্পাদক পদে মিলন শেখ, সাংগঠনিক ও প্রচার সম্পাদক পদে সোহরাব হোসেন সৌরভ এবং নির্বাহী সম্পাদক পদে রাশেদুর রহমান রাসেল নির্বাচিত হয়েছেন।

এর মধ্যে সভাপতি, অর্থ সম্পাদক, সাংগঠনিক ও প্রচার সম্পাদক এবং নির্বাহী সম্পাদক পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

শনিবার বেলা ১১টায় ভোটগ্রহণ শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়। পরে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান আসাদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে আজম খান বিপুল ভোটে বিজয়ী হন। অন্যদিকে সহ-সভাপতি পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ে কাবিল হোসেন মাত্র এক ভোটের ব্যবধানে তাঁর প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেন।

এর আগে বৃহস্পতিবার মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম সম্পন্ন হয়। একই দিন রাত ১০টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ ছিল। সাতটি পদের বিপরীতে মোট ১০টি মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্যে চারটি পদে চারজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

প্রধান নির্বাচন কমিশনার আব্দুল জাবীদ অপু বলেন, মনোনয়নপত্র উত্তোলন, জমা দেওয়া, ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা—সবকিছুই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচন সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতার জন্য তিনি আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

নবনির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্যদের অভিনন্দন জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাসিকের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শ. ম. সাজু, বাংলাদেশ ক্যাবল টিভি দর্শক ফোরামের কেন্দ্রীয় কমিটির মহাসচিব শাহাদৎ হোসেন মুন্না এবং মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনিসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের নেতৃবৃন্দ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন