মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: ভূমিমন্ত্রী

মাদকের ভয়াবহ ছোবলে অনেক পরিবার নিঃস্ব

প্রকাশিত: জুন ২৬, ২০২৬; সময়: ১:৪৭ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক : ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এমপি বলেছেন, মাদকের ভয়াবহ ছোবলে দেশে অসংখ্য পরিবার নিঃস্ব হয়ে গেছে। অনেক পরিবারের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। মাদক কারবারীরা দেশ, জাতি ও সমাজের শত্রু। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

শুক্রবার (২৬ জুন) বেলা ১১টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, রাজশাহী অঞ্চলে বাইরে থেকে, বিশেষ করে সীমান্ত এলাকা দিয়ে মাদক প্রবেশ করে। সীমান্তঘেঁষা এলাকার অনেক মাদক কারবারী অবৈধভাবে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। যাদের একসময় কিছুই ছিল না, তারাও এখন বিপুল সম্পদের মালিক। শুধু মাদক বহনকারীদের গ্রেপ্তার করলেই হবে না, এই অপরাধচক্রের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে তারা যাতে দ্রুত জামিনে বেরিয়ে এসে আবারও মাদক ব্যবসায় জড়াতে না পারে, সে বিষয়েও গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, মাদকের ভয়াবহতায় অনেক পরিবার ধ্বংস হয়ে যেতে সবাই দেখেছে। কেবল আইন প্রয়োগের মাধ্যমে মাদক নির্মূল সম্ভব নয়; এ জন্য সামাজিক প্রতিরোধও গড়ে তুলতে হবে। সমাজের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাদক কারবারীদের বয়কট করতে হবে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে ভূমিমন্ত্রী বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করতে হবে। দ্রুত ব্যবস্থা নিয়ে সমাজ থেকে তাদের নির্মূল করতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট সব সংস্থাকে নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

তিনি বলেন, একসময় এসিড সন্ত্রাস ছিল বড় সামাজিক সমস্যা। সবার সম্মিলিত প্রচেষ্টায় সেই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। একইভাবে সম্মিলিত উদ্যোগে মাদকমুক্ত সমাজ গড়ে তোলাও সম্ভব।

বক্তব্যের একপর্যায়ে মন্ত্রী বলেন, “আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে সবদিক থেকেই অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। দেশ ও মানুষের উন্নয়নে কাজ করছেন। তাঁর স্বপ্নের সোনার বাংলা ইনশাআল্লাহ বাস্তবায়িত হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়জুল কবির, রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা) এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়, রাজশাহীর অতিরিক্ত পরিচালক মো. আলী আসলাম হোসেন।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন