বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের দেওলা গ্রাম থেকে নিখোঁজ হওয়ার সাত দিন পরও শরিফা বিবি (৪৫) নামে এক বাকপ্রতিবন্ধী নারীর কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় বাগমারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার মেয়ে।
জিডি সূত্রে জানা গেছে, উপজেলার দেওলা গ্রামের বাসিন্দা শরিফা বিবি গত ১৯ জুন সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে তার মেয়ে শারমিন আক্তার সাথী বাগমারা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
শারমিন আক্তার সাথী জানান, তার মা বাকপ্রতিবন্ধী। নিখোঁজ হওয়ার পর থেকে আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ শরিফা বিবির গায়ের রং শ্যামলা, উচ্চতা প্রায় ৪ ফুট ৫ ইঞ্চি এবং ওজন প্রায় ৪০ কেজি। তিনি বাংলা ভাষায় কথা বলেন।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। নিখোঁজ ব্যক্তির সন্ধানে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অনুসন্ধান কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, কেউ শরিফা বিবির সন্ধান পেলে দ্রুত বাগমারা থানায় অথবা তার মেয়ে শারমিন আক্তার সাথীর মোবাইল নম্বর ০১৭৩৯-৪১১৯০৫-এ যোগাযোগ করার জন্য।




