নির্যাতনবিরোধী কনভেনশনের পূর্ণ বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

প্রকাশিত: জুন ২৬, ২০২৬; সময়: ৩:৪৫ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক : নির্যাতন প্রতিরোধ শুধু আইন প্রণয়নের বিষয় নয়, বরং রাষ্ট্রীয় ন্যায়বিচার, মানবাধিকার এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থার মৌলিক ভিত্তি। নির্যাতনের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার, ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করার পাশাপাশি নির্যাতনবিরোধী আন্তর্জাতিক কনভেনশন ও এর অপশনাল প্রোটোকলের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানিয়েছেন মানবাধিকারকর্মীরা।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে ‘নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে মানবাধিকার সংগঠন অধিকার-এর রাজশাহী জেলা ও মহানগর শাখার উদ্যোগে নগরীর অলকার মোড়ে চেম্বার ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব দাবি জানান।

সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া মানববন্ধনে রাজশাহীর শতাধিক সাংবাদিক, সামাজিক ও মানবাধিকারকর্মী, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং অধিকারের জেলা ও মহানগর শাখার কর্মীরা অংশ নেন।

এ সময় বিগত শাসনামলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতনের শিকার ব্যক্তিরাও মানববন্ধনে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দায়ীদের জবাবদিহির আওতায় আনা, ভুক্তভোগীদের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুযায়ী রাষ্ট্রীয় প্রতিশ্রুতির পূর্ণ বাস্তবায়ন জরুরি। একই সঙ্গে নির্যাতনমুক্ত, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন