গোদাগাড়ীতে ১ কেজি হেরোইন উদ্ধার, পালিয়ে গেলেন মাদক কারবারিরা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পদ্মার চর এলাকা থেকে ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫।
র্যাব-৫ জানায়, রোববার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসির একটি আভিযানিক দল গোদাগাড়ী মডেল থানার ৬ নম্বর মাটিকাটা ইউনিয়নের পিরোজপুর গ্রামের প্রায় দুই কিলোমিটার দূরে পদ্মা নদীর চর এলাকায় অভিযান চালায়।
গোপন তথ্যে জানা যায়, কয়েকজন মাদক কারবারি সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন। র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা একটি বস্তা ফেলে রাতের অন্ধকারে পাশের পাটক্ষেতে পালিয়ে যান। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে পরিত্যক্ত বস্তাটি তল্লাশি করে ছয়টি স্বচ্ছ পলিপ্যাকে রাখা মোট ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার করা হেরোইন জব্দ করা হয়েছে।
র্যাব জানিয়েছে, এ ঘটনায় জড়িত মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। উদ্ধার হওয়া হেরোইনের বিষয়ে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।




