সরকারি ব্যানারে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

অনুষ্ঠানের উদ্দেশ্য ও বার্তাকেই প্রাধান্য দেওয়ার নির্দেশ, সিদ্ধান্ত কার্যকর হবে অবিলম্বে

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬; সময়: ১২:৫৯ pm | 
খবর > জাতীয়

পদ্মাটাইমস ডেস্ক : সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার। একই সঙ্গে সরকারি প্রচারসামগ্রী প্রস্তুতের ক্ষেত্রে অনুষ্ঠানের মূল বিষয়বস্তু, উদ্দেশ্য ও জনসচেতনতামূলক বার্তাকে গুরুত্ব দিয়ে উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়।

পরিপত্রে বলা হয়েছে, সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি—ত্রিমাত্রিক বা অন্য যেকোনো আঙ্গিকেই হোক—ব্যবহার করা যাবে না।

এতে আরও বলা হয়, সরকারি অনুষ্ঠানের প্রচারসামগ্রী প্রস্তুতের সময় সংশ্লিষ্ট কর্মসূচির বিষয়বস্তু, উদ্দেশ্য ও প্রয়োজনীয় তথ্যকে অগ্রাধিকার দিতে হবে। ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা এমনভাবে তৈরি করতে হবে, যাতে অনুষ্ঠানের মূল বার্তা সাধারণ মানুষের কাছে স্পষ্টভাবে প্রতিফলিত হয় এবং অপ্রয়োজনীয় উপস্থাপনা পরিহার করা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ পরিপত্রে উল্লেখ করেছে, নির্দেশনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সরকারি দপ্তর, অধিদপ্তর, সংস্থা এবং সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের জন্য এটি অবিলম্বে কার্যকর হবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন