এনআইডি সংশোধনের ৬ সেবা বন্

প্রকাশিত: জুলাই ৭, ২০২৬; সময়: ২:২৪ pm | 
খবর > জাতীয়

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন সেবায় বড় ধরনের পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরি ছাড়া বাকি ছয় ক্যাটাগরির এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তির কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে সংশোধন আবেদন নিষ্পত্তির দায়িত্ব মাঠপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে পুনর্বণ্টন করা হয়েছে।

রোববার (৫ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

অফিস আদেশ অনুযায়ী, নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ‘ক-১’, ‘ক’, ‘খ-১’, ‘খ’, ‘গ-১’ ও ‘গ’ ক্যাটাগরির এনআইডি সংশোধন আবেদন আপাতত নিষ্পত্তি করা হবে না। তবে মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন আগের নিয়মেই নিষ্পত্তি চলবে।

একই আদেশে মাঠপর্যায়ে সংশোধন আবেদন নিষ্পত্তির দায়িত্ব পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন দায়িত্ব বণ্টন অনুযায়ী, ‘ক-১’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবেন সহকারী উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা, ‘ক’ ক্যাটাগরির আবেদন উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা, ‘খ-১’ ক্যাটাগরির আবেদন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, ‘খ’ ক্যাটাগরির আবেদন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বা জেলা নির্বাচন কর্মকর্তা, ‘গ-১’ ক্যাটাগরির আবেদন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং ‘গ’ ক্যাটাগরির আবেদন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা নিষ্পত্তি করবেন।

আদেশে আরও বলা হয়েছে, যেসব আবেদন অনলাইনে করা সম্ভব, সেগুলো আর হার্ডকপিতে গ্রহণ করা হবে না। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

এ আদেশের অনুলিপি নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে। তবে সাময়িকভাবে স্থগিত রাখা ছয় ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি কবে পুনরায় শুরু হবে, সে বিষয়ে পরবর্তী সময়ে পৃথক নির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন