সাইবার নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-চীন

প্রযুক্তি হস্তান্তর, সামরিক প্রশিক্ষণ ও কৌশলগত অংশীদারত্ব সম্প্রসারণে গুরুত্বারোপ

প্রকাশিত: জুলাই ৯, ২০২৬; সময়: ১:৫২ pm | 
খবর > জাতীয়

পদ্মাটাইমস ডেস্ক : সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্ব আরও শক্তিশালী করতে বাংলাদেশ ও চীন একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা এবং প্রযুক্তিনির্ভর সামরিক সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়।

বৈঠকে দুই দেশের মধ্যে প্রযুক্তিগত ও সামরিক সহযোগিতা আরও সম্প্রসারণ, কৌশলগত অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য চীনে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতা অর্জনের বিষয়েও আলোচনা হয়।

প্রথাগত সামরিক সহযোগিতার পাশাপাশি সাইবার নিরাপত্তা জোরদারে যৌথ উদ্যোগ গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে বৈশ্বিক ও আঞ্চলিক ভূরাজনৈতিক প্রেক্ষাপটে শান্তি, স্থিতিশীলতা ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন উভয় পক্ষ।

বৈঠকে প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে চীনের ধারাবাহিক সহযোগিতার প্রশংসা করেন। অন্যদিকে চীনের রাষ্ট্রদূত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন