বিশ্বকাপ ফাইনালে উঠলে এমএলএস নিষেধাজ্ঞার ঝুঁকিতে মেসি

অল-স্টার ম্যাচে না খেললে শাস্তির আশঙ্কা, তবে বিশ্বকাপকে অগ্রাধিকার দিতেই পারেন আর্জেন্টাইন অধিনায়ক

প্রকাশিত: জুলাই ১১, ২০২৬; সময়: ১২:০১ pm | 
খবর > খেলা

পদ্মাটাইমস ডেস্ক : বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে রয়েছে আর্জেন্টিনা। তবে দল ফাইনালে উঠলে অধিনায়ক লিওনেল মেসি নতুন এক জটিল পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। সম্ভাব্য বিশ্বকাপ ফাইনালের পর বিশ্রামের প্রয়োজন হলে মেজর লিগ সকারের (এমএলএস) অল-স্টার ম্যাচে না খেলার সিদ্ধান্ত নিতে পারেন তিনি। সেক্ষেত্রে এমএলএসের নিয়ম অনুযায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি তৈরি হতে পারে।

রোববার (বাংলাদেশ সময়) বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। সেই ম্যাচ জিতে পরবর্তী ধাপ অতিক্রম করতে পারলে ফাইনালে ওঠার সম্ভাবনা তৈরি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের।

এদিকে, আগামী ২৯ জুলাই নর্থ ক্যারোলিনার শার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২০২৬ এমএলএস অল-স্টার ম্যাচ। এবারের অল-স্টার দলে জায়গা পেয়েছেন মেসি। কিন্তু বিশ্বকাপ ফাইনাল খেলতে হলে অল্প সময়ের ব্যবধানে আবার অল-স্টার ম্যাচে অংশ নেওয়া তার জন্য শারীরিক ও মানসিকভাবে কঠিন হতে পারে।

গত মৌসুমেও অল-স্টার ম্যাচে অংশ নেননি মেসি ও তার ইন্টার মিয়ামি সতীর্থ জর্দি আলবা। সে কারণে এমএলএস তাদের প্রত্যেককে একটি করে ম্যাচে নিষিদ্ধ করেছিল। ফলে এবারও একই ধরনের সিদ্ধান্ত নিলে নিয়ম অনুযায়ী শাস্তির সম্ভাবনা রয়েছে।

তবে পরিস্থিতি ভিন্ন হতে পারে বলেই ধারণা করা হচ্ছে। কারণ, বিশ্বকাপের মতো বৈশ্বিক প্রতিযোগিতার ফাইনাল খেললে সেটি অনুপস্থিত থাকার যৌক্তিক কারণ হিসেবে বিবেচিত হতে পারে। তাই গতবারের মতো শাস্তি নাও পেতে পারেন আর্জেন্টাইন মহাতারকা।

এবারের এমএলএস অল-স্টার দলে মেসির পাশাপাশি জায়গা পেয়েছেন রদ্রিগো দে পল। লিগা এমএক্সের সেরা একাদশের বিপক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে আরও অংশ নেওয়ার কথা রয়েছে থমাস মুলার ও সন হিউং-মিনের মতো আন্তর্জাতিক তারকাদের।

অন্যদিকে, বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করার লক্ষ্যে রোববার কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। সেই ম্যাচে জয় পেলেই টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্নের আরও এক ধাপ কাছে পৌঁছে যাবে লিওনেল স্কালোনির দল।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন