রাসিকে প্রতিমন্ত্রী টুকুকে ফুলেল শুভেচ্ছা, উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময়
মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বললেন- মিট প্রসেসিং সেন্টার ও চিড়িয়াখানার আধুনিকায়নে মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা থাকবে।

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে আধুনিক কসাইখানা (মিট প্রসেসিং সেন্টার) নির্মাণ এবং কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার আধুনিকায়নকে সামনে রেখে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুরে রাজশাহী সিটি করপোরেশনের নগর ভবনের সিটি হলরুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। সভার শুরুতে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান রাসিক প্রশাসক। পরে সিটি করপোরেশনের ছয়টি বিভাগের পক্ষ থেকেও তাঁকে শুভেচ্ছা জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, রাজশাহীতে আধুনিক মিট প্রসেসিং সেন্টার নির্মাণ এবং কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার আধুনিকায়নে প্রশাসক মাহফুজুর রহমান রিটনের উদ্যোগ সময়োপযোগী। এ দুটি প্রকল্প বাস্তবায়নে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।
তিনি আরও বলেন, আধুনিক কসাইখানা নির্মাণের মাধ্যমে স্বাস্থ্যসম্মতভাবে মাংস প্রক্রিয়াজাত ও বিপণনের সুযোগ তৈরি হবে। পাশাপাশি চিড়িয়াখানার আধুনিকায়নের ফলে বিনোদনের পাশাপাশি বন্যপ্রাণী সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম।
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমান, রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. আনন্দ কুমার অধিকারী, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহিনুল হাসান, রাজশাহী সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ও রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান, দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর এবং সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান আহমেদ এবং রাজশাহী মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি আতাহার রহমান।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজশাহী মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, মাংস ব্যবসায়ী সমিতির সদস্য এবং সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন অংশ নেন। সভায় আধুনিক কসাইখানা নির্মাণ ও কেন্দ্রীয় উদ্যান এবং চিড়িয়াখানার উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়নে বিভিন্ন দিক নিয়ে মতামত ও সুপারিশ তুলে ধরা হয়।




