বন্যায় প্রাণহানি ৫৪, পানিবন্দি ১ লাখ ৫৫ হাজার পরিবার: ত্রাণমন্ত্রী

সাত জেলার ৫৯ উপজেলা প্লাবিত, প্রধানমন্ত্রীর নির্দেশে জোরদার ত্রাণ কার্যক্রম

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬; সময়: ৪:৫৭ pm | 
খবর > জাতীয়

পদ্মাটাইমস ডেস্ক : দেশের চলমান বন্যা পরিস্থিতিতে প্রাণহানির সংখ্যা বেড়ে ৫৪ জনে পৌঁছেছে। একই সঙ্গে সাত জেলার ৫৯টি উপজেলা এখনো বন্যাকবলিত রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

মঙ্গলবার (১৪ জুলাই) সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ত্রাণমন্ত্রী বলেন, বন্যাকবলিত এলাকার পরিস্থিতি প্রধানমন্ত্রী তারেক রহমান সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। দুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রতিটি জেলার জন্য ২০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে দ্রুত ত্রাণ বিতরণ এবং উদ্ধার কার্যক্রম জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ জানান, চট্টগ্রাম অঞ্চলের বন্যায় ব্যাপক পরিমাণ ধানের বীজতলা নষ্ট হয়েছে। কৃষকদের ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি ব্যবস্থাপনায় জরুরি ভিত্তিতে নতুন বীজতলা প্রস্তুত করা হবে এবং সেখান থেকে ধানের চারা বিনামূল্যে বিতরণ করা হবে।

এদিকে তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ কার্যক্রম, উদ্ধার অভিযান এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সরকার জানিয়েছে, বন্যা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা, খাদ্য সহায়তা, চিকিৎসাসেবা এবং কৃষি পুনর্বাসনে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন