বন্যা ও পাহাড় ধসে প্রাণহানি বেড়ে ৫১, পানিবন্দি ১০ লাখের বেশি মানুষ

প্রকাশিত: জুলাই ১২, ২০২৬; সময়: ৯:৩৬ pm | 
খবর > জাতীয়

পদ্মাটাইমস ডেস্ক : টানা ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা ও পাহাড় ধসে মৃতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৯ জন। বর্তমানে ২ লাখ ৬৭ হাজার ৯১৮টি পরিবারের প্রায় ১০ লাখ ২৩ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছেন।

রোববার (১২ জুলাই) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, মৌলভীবাজার ও হবিগঞ্জ-এই সাত জেলার ৫৯টি উপজেলা, ৩৬৮টি ইউনিয়ন এবং ১২টি পৌরসভা বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে কক্সবাজারে, যেখানে বন্যা ও পাহাড় ধসে ২৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রামে ১৩ জন, বান্দরবানে ৬ জন, রাঙামাটিতে ৩ জন এবং মৌলভীবাজারে একজনের মৃত্যু হয়েছে।

সবচেয়ে বেশি পানিবন্দি পরিবার রয়েছে চট্টগ্রামে। জেলাটিতে ১ লাখ ৪৭ হাজার ৫০০টি পরিবারের প্রায় ৫ লাখ ৯৫ হাজার মানুষ বন্যাকবলিত। কক্সবাজারে ৩৯ হাজার ৫০৬টি পরিবারের ১ লাখ ৫৮ হাজার ২৭ জন পানিবন্দি রয়েছেন।

দুর্গত মানুষের জন্য সরকার ইতোমধ্যে ১ হাজার ১৩১টি আশ্রয়কেন্দ্র চালু করেছে। এসব কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ৪৪ হাজার ৪৫৭ জন। এছাড়া ৭ থেকে ১২ জুলাই পর্যন্ত বন্যাকবলিত সাত জেলার জন্য ১ কোটি ৭৫ লাখ টাকা এবং ৩ হাজার ২৫০ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন