জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিএনপির একদিনের শোক কর্মসূচি

পদ্মাটাইমস ডেস্ক : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য, সাবেক স্পিকার এবং সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেশব্যাপী একদিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
রোববার (১২ জুলাই) দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী সোমবার (১৩ জুলাই) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ সারা দেশে বিএনপির সব দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে প্রয়াত এই নেতার প্রতি শ্রদ্ধা জানাবেন।
এর আগে রোববার ভোর ৪টা ১৮ মিনিটে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি জাতীয় সংসদের স্পিকার, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং মন্ত্রিসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিএনপির পক্ষ থেকে ঘোষিত একদিনের শোক কর্মসূচির মাধ্যমে দলটি দেশের বর্ষীয়ান এই নেতার প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা জানাবে।




