জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
পরিবেশ সংরক্ষণ, গবেষণা ও সচেতনতায় বিশেষ অবদানের স্বীকৃতি; প্রধানমন্ত্রীর হাতে পদক গ্রহণ

পদ্মাটাইমস ডেস্ক : পরিবেশ সংরক্ষণ, পরিবেশ বিষয়ক শিক্ষা ও জনসচেতনতা এবং গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিন ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ‘জাতীয় পরিবেশ পদক-২০২৫ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ীদের হাতে পদক তুলে দেন। অনুষ্ঠানে বন ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন।
পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ বিভাগে আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. হাসমত আলী, পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার বিভাগে মো. মনির হোসেন এবং পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর রসায়ন বিভাগের অধ্যাপক ও প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আব্দুস সালাম জাতীয় পরিবেশ পদকে ভূষিত হন।
প্রতিষ্ঠান পর্যায়ে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ বিভাগে ক্লাসিকাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি লিমিটেড, পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার বিভাগে ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন বিভাগে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট পদক অর্জন করেছে।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী দেশের পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করে পরিবেশ দূষণ রোধে সরকার, প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।




