আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালে বাঁশি ইসমায়েল এলফাতের

কাতার বিশ্বকাপ ফাইনালের চতুর্থ রেফারি এবার পরিচালনা করবেন বহুল প্রতীক্ষিত মহারণ

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬; সময়: ৫:০৪ pm | 
খবর > খেলা

পদ্মাটাইমস ডেস্ক : ২০২৬ ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের বহুল প্রতীক্ষিত লড়াই পরিচালনার দায়িত্ব পেয়েছেন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক রেফারি ইসমায়েল এলফাত। বহুল আলোচিত এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ–বেনজ স্টেডিয়ামে।

ফিফা ঘোষিত রেফারিং প্যানেল অনুযায়ী, প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ৪৪ বছর বয়সী এলফাত। সহকারী রেফারি থাকবেন তারই স্বদেশি কোরি পার্কার ও কাইল অ্যাটকিনস। চতুর্থ রেফারির দায়িত্বে রয়েছেন ইতালির মাউরিজিও মারিয়ানি এবং সংরক্ষিত সহকারী রেফারি হিসেবে থাকবেন দানিয়েলে বিনদোনি।

চলতি বিশ্বকাপে রেফারিং নিয়ে ব্যাপক আলোচনা থাকায় এই সেমিফাইনালের দায়িত্ব কার হাতে যাচ্ছে, তা নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ ছিল তুঙ্গে। শেষ পর্যন্ত অভিজ্ঞ এলফাতের ওপরই আস্থা রেখেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

২০২২ কাতার বিশ্বকাপে ফ্রান্স ও আর্জেন্টিনার ঐতিহাসিক ফাইনালে চতুর্থ রেফারির দায়িত্ব পালন করেছিলেন ইসমায়েল এলফাত। আন্তর্জাতিক অঙ্গনে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এবার বিশ্বকাপের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার দায়িত্ব পেলেন তিনি।

২০১২ সাল থেকে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) নিয়মিত ম্যাচ পরিচালনা করে আসছেন এলফাত। ২০১৬ সালে ফিফার আন্তর্জাতিক রেফারির তালিকায় অন্তর্ভুক্ত হন তিনি। ইতোমধ্যে দুবার এমএলএসের বর্ষসেরা রেফারির স্বীকৃতিও অর্জন করেছেন।

চলতি বিশ্বকাপে এর আগে নেদারল্যান্ডস–জাপান, উরুগুয়ে–স্পেন এবং ব্রাজিল–নরওয়ের শেষ ষোলোর ম্যাচ পরিচালনা করেছেন এলফাত। বড় ম্যাচ দক্ষতার সঙ্গে পরিচালনার অভিজ্ঞতার কারণেই তাকে এই গুরুত্বপূর্ণ সেমিফাইনালের দায়িত্ব দেওয়া হয়েছে।

মরক্কোয় জন্ম নেওয়া ইসমায়েল এলফাত ২০০১ সালে ডাইভারসিটি ভিসা কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। বর্তমানে তিনি টেক্সাসে বসবাস করেন এবং উত্তর আমেরিকার অন্যতম সেরা রেফারি হিসেবে পরিচিত।

আর্জেন্টিনা ও ইংল্যান্ডের দ্বৈরথ বিশ্ব ফুটবলের অন্যতম ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা। দুই দলের লড়াইয়ে অতীতের মতো এবারও উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতা ও বিতর্কের সম্ভাবনা থাকায় রেফারি ইসমায়েল এলফাতের প্রতিটি সিদ্ধান্ত থাকবে বিশ্বজুড়ে কোটি ফুটবলপ্রেমীর নিবিড় নজরে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন