আজ ফ্রান্স-স্পেন মহারণ, উৎসব কার?
জাতীয় দিবসে ফ্রান্স নাকি জন্মদিনের আবহে ইয়ামালের স্পেন-বিশ্বকাপ সেমিফাইনালে ইউরোপের দুই পরাশক্তির লড়াই

পদ্মাটাইমস ডেস্ক : ২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেন। মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস স্টেডিয়ামে শুরু হবে বহুল প্রতীক্ষিত এই লড়াই।
ম্যাচটিকে ঘিরে দুই শিবিরেই রয়েছে আলাদা আবেগ। একদিকে সদ্য ১৯ বছরে পা দেওয়া স্প্যানিশ বিস্ময়বালক লামিনে ইয়ামালকে ঘিরে উচ্ছ্বাস, অন্যদিকে ফ্রান্সের জাতীয় দিবস ও বাস্তিল দিবসের দিনে মাঠে নামছে ‘লে ব্লু’। ফলে জয় পেলে মাঠের সাফল্যের সঙ্গে যোগ হবে উৎসবের নতুন মাত্রা।
দুবারের বিশ্বচ্যাম্পিয়ন এবং গত আসরের রানার্সআপ ফ্রান্স ইতিহাস গড়ার হাতছানি নিয়ে মাঠে নামছে। এই ম্যাচ জিততে পারলে পশ্চিম জার্মানির পর দ্বিতীয় ইউরোপীয় দল হিসেবে টানা তিনটি বিশ্বকাপের ফাইনালে ওঠার কীর্তি গড়বে তারা।
অন্যদিকে, বর্তমান ইউরোপসেরা স্পেন সাম্প্রতিক সময়ে ফ্রান্সের বিপক্ষে দারুণ সফল। ইউরো ২০২৪ এবং উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে ফরাসিদের হারিয়েই ফাইনালে উঠেছিল লা রোজা। সেই আত্মবিশ্বাস নিয়েই এবার বিশ্বকাপের সেমিফাইনালে নামছে তারা।
চলতি বিশ্বকাপে ফ্রান্সের আক্রমণভাগ ছিল দুর্দান্ত। অধিনায়ক কিলিয়ান এমবাপে পাঁচ ম্যাচে আট গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন। উসমান দেম্বেলে করেছেন পাঁচ গোল, আর মাইকেল অলিসে একাধিক গোলের সুযোগ তৈরি করে দলের আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
তবে এমবাপে মনে করেন, এই দলটির এখনো নিজেদের প্রমাণ করার অনেক কিছু বাকি। তার ভাষায়, প্রতিভার দিক থেকে বর্তমান ফরাসি দলটি অসাধারণ হলেও প্রকৃত সাফল্য অর্জনের জন্য এখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করতে হবে।
স্পেনের শক্তির জায়গা তাদের রক্ষণভাগ ও মাঝমাঠ। পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করেছে তারা। রদ্রি, পেদ্রি ও দানি ওলমোর নিয়ন্ত্রিত ফুটবল প্রতিপক্ষকে খুব কম সুযোগই দিয়েছে।
স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে ম্যাচটিকে ‘ফাইনালের আগেই আরেকটি ফাইনাল’ হিসেবে উল্লেখ করে বলেছেন, ফ্রান্সের শক্তি সম্পর্কে তারা পুরোপুরি সচেতন। তবে বড় ম্যাচে ফরাসিদের হারানোর সামর্থ্যও তাদের রয়েছে।
পরিসংখ্যানও ইঙ্গিত দিচ্ছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের। এখন পর্যন্ত ৩৮ বার মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে স্পেন জিতেছে ১৮টি ম্যাচে, ফ্রান্সের জয় ১৩টিতে এবং ৭টি ম্যাচ ড্র হয়েছে। তবে সাম্প্রতিক ফর্ম, আক্রমণভাগের ধার এবং বড় আসরের অভিজ্ঞতার কারণে ম্যাচটি নিয়ে উত্তেজনা তুঙ্গে রয়েছে।
বিশ্বকাপের ফাইনালে জায়গা নিশ্চিত করার লড়াইয়ে আজ ডালাসে যে দল নিজেদের স্নায়ু নিয়ন্ত্রণে রাখতে পারবে, তারাই পাবে শিরোপার লড়াইয়ে ওঠার টিকিট।




