সংসদ ভবনের সামনে থেকে শিক্ষার্থীদের পিটিয়ে সরাল পুলিশ

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬; সময়: ৭:২৪ pm | 
খবর > জাতীয়

পদ্মাটাইমস ডেস্ক : শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধের পর সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে অবস্থান করা এইচএসসি পরীক্ষার্থীদের লাঠিপেটা করে সরিয়ে দিয়েছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আন্দোলনরতদের সরিয়ে দেওয়া শুরু করে পুলিশ। শিক্ষার্থীদের লাঠিপেটার পাশাপাশি ধাওয়া দিতে দেখা যায় পুলিশ সদস্যদের। এসময় ছত্রভঙ্গ হয়ে যান শিক্ষার্থীরা।

এর আগে সন্ধ্যা ৬টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন বটতলার গেইটে অবস্থান নেন পরীক্ষার্থীরা। অ্যাভিনিউয়ের দুই পাশেই আটকে রাখার ফলে আসাদগেইট থেকে খামারবাড়ির দিকে এবং খামার বাড়ি থেকে আসাদ গেইট অভিমুখে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম তখন বলেন, “শিক্ষার্থীরা মিছিল নিয়ে এসে মানিক মিয়া অ্যাভিনিউর সড়কে অবস্থান নিয়েছে, এর ফলে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সেখানে পুলিশের বাড়তি ফোর্স রয়েছে।”

সংসদ ভবনের সামনে অবরোধের আধা ঘণ্টা পর পুলিশ শিক্ষার্থীদের সরিয়ে দেওয়া শুরু করার পাশাপাশি তাদের দেওয়া ব্যারিকেডও সরিয়ে দিয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন