ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়াল

দুই শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি, আহত ১৬ হাজারের বেশি; পুনর্বাসন কার্যক্রম চলছে

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬; সময়: ১১:৩৩ am | 
খবর > আন্তর্জাতিক

পদ্মাটাইমস ডেস্ক : গত মাসে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৬৯ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন। দেশটির বিভিন্ন এলাকায় এখনো উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) সভাপতি হোর্হে রদ্রিগেজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সর্বশেষ হতাহতের এ তথ্য জানান।

তার দেওয়া তথ্যমতে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১ লাখ ২৮ হাজার ৩২৪টি পরিবারকে ইতোমধ্যে সহায়তা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য **১০৬টি অস্থায়ী আশ্রয়শিবির স্থাপন করা হয়েছে, যেখানে বর্তমানে ২১ হাজার ২৩৫ জন অবস্থান করছেন। তবে এখনো ১৭ হাজার ৯০৭ জন স্থায়ী আবাসনের বাইরে রয়েছেন।

তিনি আরও জানান, ভূমিকম্পে ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৯০টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে, ফলে বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

উল্লেখ্য, গত ২৪ জুন ভেনেজুয়েলায় কয়েক ঘণ্টার ব্যবধানে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে দেশটির বিভিন্ন অঞ্চলে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়।

ভেনেজুয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্গত এলাকায় ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র নিরূপণ এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি কার্যক্রম অব্যাহত রয়েছে। উদ্ধারকর্মীরা এখনো ধ্বংসস্তূপে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে কাজ করছেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন