সাইফুজ্জামানের গুলশানের ফ্ল্যাটের তালা ভেঙে দুদকের অভিযান
আদালতের নির্দেশে জিনিসপত্রের তালিকাকরণ শুরু; বিদেশে হাজার কোটি টাকার সম্পদ আগেই জব্দের আদেশ

পদ্মাটাইমস ডেস্ক : সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের রাজধানীর গুলশানের দুটি ফ্ল্যাটে আদালতের নির্দেশে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৯ জুলাই) সকাল থেকে ফ্ল্যাট দুটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে কর্মকর্তারা সম্পদের তালিকাকরণ (ইনভেন্টরি) কার্যক্রম শুরু করেন।
দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী সকাল সাড়ে ১০টার দিকে কর্মকর্তারা গুলশানের ফ্ল্যাটে প্রবেশ করেন। পরে সেখানে থাকা বিভিন্ন আসবাব, মূল্যবান সামগ্রী ও অন্যান্য সম্পদের তালিকা প্রস্তুতের কাজ শুরু হয়।
দুদক সূত্রে জানা যায়, সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে চলমান দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধানের অংশ হিসেবেই এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এর আগে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি আদালত যুক্তরাজ্যে সাইফুজ্জামানের নামে থাকা ৫১৮টি ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট ক্রোকের আদেশ দেন। তারও আগে ১৩ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতসহ আটটি দেশে থাকা ৩৩০টি বাড়ি, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের নির্দেশ দেওয়া হয়। একই আদেশে যুক্তরাষ্ট্রে তার নামে থাকা দুটি প্রতিষ্ঠানে করা বিনিয়োগও অবরুদ্ধ করা হয়।
আদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী, বিদেশে থাকা এসব সম্পদ ও বিনিয়োগের মোট আনুমানিক মূল্য ২ হাজার ৩২০ কোটি ৯২ লাখ টাকা।
উল্লেখ্য, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভূমি প্রতিমন্ত্রী এবং ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচার-সংক্রান্ত বিভিন্ন অভিযোগে অনুসন্ধান ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে।




