পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের স্মৃতি যুক্ত হচ্ছে ই-পাসপোর্টে; স্থান পাচ্ছে দেশের ঐতিহ্য ও প্রাকৃতিক নিদর্শন

পদ্মাটাইমস ডেস্ক : বাংলাদেশের সাধারণ ই-পাসপোর্টে নতুন নকশা সংযোজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন নকশায় ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহিদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও মোহাম্মদ ওয়াসিমের ছবি জলছাপ হিসেবে যুক্ত করা হচ্ছে।
রোববার (১৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ই-পাসপোর্টের ভেতরের পাতার জলছাপে পরিবর্তন আনা হচ্ছে। নতুন নকশা অনুযায়ী ৩২ ও ৩৩ নম্বর পৃষ্ঠায় জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি তুলে ধরা হবে। শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের আত্মত্যাগের প্রতীকী উপস্থাপনার মাধ্যমে সাম্প্রতিক জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আন্তর্জাতিক ভ্রমণ নথিতে সংরক্ষিত হবে।
এছাড়া নতুন নকশায় বাংলাদেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও স্থাপত্যিক ঐতিহ্যকে আরও বিস্তৃতভাবে তুলে ধরা হয়েছে। পাসপোর্টের বিভিন্ন পৃষ্ঠায় জাতীয় স্মৃতিসৌধ, কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় সংসদ ভবন ও সুপ্রিম কোর্টের পাশাপাশি স্থান পেয়েছে কান্তজিউ মন্দির, লালবাগ দুর্গ, পানাম নগর এবং কার্জন হল।
প্রাকৃতিক ঐতিহ্যের প্রতিফলন হিসেবে কক্সবাজার সমুদ্র সৈকতের ঝাউবন, সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর ও নীলগিরির জলছাপও যুক্ত করা হচ্ছে। একই সঙ্গে জাতীয় ফুল শাপলা, জাতীয় পাখি দোয়েল, জাতীয় মাছ ইলিশ, জাতীয় ফল কাঁঠাল এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম’-এর প্রতিরূপও নতুন নকশার অংশ হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পাসপোর্টের তথ্যপাতায় (ডাটা পৃষ্ঠা) আগের মতোই ‘ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশের জন্য বৈধ’—এই ঘোষণা বহাল থাকবে।
প্রজ্ঞাপনে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে দ্রুত নতুন নকশা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন নকশার মাধ্যমে বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, প্রাকৃতিক ঐতিহ্য এবং সাম্প্রতিক জাতীয় ঘটনাপ্রবাহকে একই সঙ্গে আন্তর্জাতিক ভ্রমণ নথিতে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে দেশের পরিচিতি ও ঐতিহাসিক স্মৃতির প্রতিফলন আরও সমৃদ্ধ হবে।




