রাজশাহীতে ৮ ঘণ্টার রেল অবরোধে ক্ষতি ৩৫ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও বাংলাদেশ রেলওয়ের এক কর্মচারীর মধ্যে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে প্রায় আট ঘণ্টা রেলপথ অবরোধের ঘটনায় বাংলাদেশ রেলওয়ের আনুমানিক ৩৫ লাখ টাকার রাজস্ব ক্ষতি হয়েছে। একই সঙ্গে প্রায় ২০ হাজার যাত্রী চরম দুর্ভোগের মুখে পড়েছেন বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক (জনসংযোগ, পশ্চিম) মো. জাহিদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ জুলাই দিবাগত রাতে ঢাকা থেকে রাজশাহীগামী আন্তনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে রেলওয়ের এক কর্মচারীর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এর প্রতিবাদে ২১ জুলাই সকাল ৭টা থেকে বিকেল ৩টা ৫৫ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী রেলপথ অবরোধ করেন। এতে রাজশাহী থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া এবং রাজশাহীমুখী ট্রেন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়।
রেলওয়ের তথ্য অনুযায়ী, অবরোধের কারণে ১০টি আন্তনগর ও ৯টি কমিউটার ট্রেন এক ঘণ্টা থেকে সর্বোচ্চ ৮ ঘণ্টা ১০ মিনিট পর্যন্ত বিলম্বিত হয়। এছাড়া ২টি আন্তনগর ও ৪টি কমিউটার ট্রেনের যাত্রা বাতিল করতে হয়।
এর ফলে বিভিন্ন স্টেশন ও ট্রেনে থাকা প্রায় ২০ হাজার যাত্রী দুর্ভোগে পড়েন। বিশেষ করে অসুস্থ ও মুমূর্ষু রোগী, বিদেশগামী যাত্রী, নারী, শিশু ও সাধারণ যাত্রীরা দীর্ঘ সময় ভোগান্তির শিকার হন।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, অবরোধের কারণে তাদের আনুমানিক ৩৫ লাখ টাকার রাজস্ব ক্ষতি হয়েছে। পাশাপাশি এ ঘটনায় যাত্রীদের ভোগান্তির জন্য বাংলাদেশ রেলওয়ে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।





