রাজশাহীতে ‘ম্যাঙ্গো লাভার’ অফিসে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬; সময়: ২:২২ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর ই-কমার্স প্রতিষ্ঠান ‘ম্যাঙ্গো লাভার’-এর অফিসে এক কলেজছাত্রীকে (২১) ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী পবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে ম্যাঙ্গো লাভারের স্বত্বাধিকারী মুরাদ পারভেজ (৩২) ও তার বন্ধু শের আলী দুলাল (৩৬)-এর নাম উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী তরুণীর বাড়ি জয়পুরহাটে। তিনি রাজশাহীর একটি কলেজের শিক্ষার্থী। অভিযুক্ত শের আলী দুলালের বাড়ি ঢাকার উত্তরায়।

গত ২১ জুলাই পবা থানায় দেওয়া অভিযোগে তরুণী উল্লেখ করেন, পূর্বপরিচিত শের আলী দুলালের সঙ্গে তার বিয়ের আলোচনা চলছিল। ওই দিন বিয়ের উদ্দেশ্যে শের আলী ঢাকা থেকে রাজশাহী আসেন। পরে তারা দুজন এবং তরুণীর ছোট বোন মিলে বিয়ের কেনাকাটা করেন।

অভিযোগ অনুযায়ী, কেনাকাটা শেষে তারা পবা উপজেলার নওহাটা বাজারে অবস্থিত ম্যাঙ্গো লাভারের অফিসে যান। সেখানে একটি কক্ষে নিয়ে শের আলী বিয়ের আগেই তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় দেনমোহরের টাকা তুলতে মুরাদ পারভেজ একটি এটিএম বুথে গিয়েছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ভুক্তভোগীর ভাষ্য, কিছুক্ষণ পর মুরাদ পারভেজ ফিরে এলে শের আলী বিয়ে করবেন না জানিয়ে সেখান থেকে চলে যান। এরপর মুরাদ পারভেজও তাকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার সময় তিনি ম্যাঙ্গো লাভারের অফিস থেকেই পরিবারের সদস্যদের ফোন করেন। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে পৌঁছালে মুরাদ পারভেজও সেখান থেকে চলে যান। পরে স্থানীয় লোকজন ও পবা থানা পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন ম্যাঙ্গো লাভারের স্বত্বাধিকারী মুরাদ পারভেজ। তিনি দাবি করেন, তার বন্ধু শের আলী দুলাল ওই তরুণীকে বিয়ে করতে রাজশাহী এসেছিলেন। পরে তরুণীর টিকটক কার্যক্রম সম্পর্কে জানতে পেরে বিয়ের সিদ্ধান্ত থেকে সরে আসেন। এতে ক্ষুব্ধ হয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।

মুরাদ পারভেজ বলেন, “ধর্ষণের চেষ্টার কোনো ঘটনা ঘটেনি। অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা।”

এ বিষয়ে পবা থানার উপপরিদর্শক (এসআই) আশিকুল ইসলাম বলেন, “লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয়।”

উল্লেখ্য, অভিযোগটি বর্তমানে তদন্তাধীন। অভিযুক্তদের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা এখনও তদন্তের মাধ্যমে নিশ্চিত হয়নি।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন