আন্তর্জাতিক ফুটবলকে বিদায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মেসি

কয়েক মাস পর আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ, বিশেষ বিদায়ের পরিকল্পনা এএফএর

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬; সময়: ৪:৪৯ pm | 
খবর > খেলা

পদ্মাটাইমস ডেস্ক : আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন বলে দেশটির একাধিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে তিনি এখনই জাতীয় দল ছাড়ছেন না; আরও কয়েক মাস আর্জেন্টিনার হয়ে খেলেই আনুষ্ঠানিকভাবে বিদায় জানাতে চান।

২০২৬ বিশ্বকাপে ৩৯ বছর বয়সেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন মেসি। টুর্নামেন্টে আট গোল ও চারটি অ্যাসিস্ট করে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার তালিকায় ছিলেন তিনি। তবে স্পেনের বিপক্ষে ফাইনালে পরাজয়ের পর নিজের ভবিষ্যৎ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি আগেই জানিয়েছিলেন, জাতীয় দলে ফেরার সিদ্ধান্ত পুরোপুরি মেসির ওপর নির্ভর করবে এবং তার জন্য দলের দরজা সবসময় খোলা থাকবে।

তবে আর্জেন্টাইন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আগামী বিশ্বকাপে আর না খেলার সিদ্ধান্ত নিয়েছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর আগে তিনি আরও কিছু ম্যাচ খেলতে চান, যাতে তাকে ছাড়া দলের নতুন প্রজন্ম ধীরে ধীরে মানিয়ে নেওয়ার সুযোগ পায়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) দেশের ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলারকে আনুষ্ঠানিক ও জাঁকজমকপূর্ণ বিদায় জানাতে চায়। এজন্য মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচকে বিশেষ আয়োজনের মাধ্যমে স্মরণীয় করে রাখার পরিকল্পনা নেওয়া হচ্ছে।

এর ফলে আপাতত আর্জেন্টিনার জার্সিতে মেসিকে আরও কয়েক মাস মাঠে দেখা যাবে। এরপরই আন্তর্জাতিক ফুটবলের বর্ণাঢ্য এক অধ্যায়ের সমাপ্তি ঘটতে পারে।

উল্লেখ্য: মেসির অবসর নিয়ে এখন পর্যন্ত আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) বা লিওনেল মেসি নিজে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি। বিষয়টি আর্জেন্টাইন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে জানা গেছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন